২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জনতার পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে, যিনি ডাকাতি করে পালাচ্ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার ভোররাতে ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের লটচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার জানিয়েছেন।

নিহতের নাম হাবিবুর রহমান ওরফে কালাইয়া (৪০)। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ওই গ্রামের ওজিউল্লাহর বাড়িতে ১৫/২০ জন ডাকাতি করতে আসে। দলটি গৃহকর্তার বাসা থেকে টাকা মালামাল লুট করে পালানোর সময় বাড়ির সদস্যরা চিৎকার দেয়। এতে প্রতিবেশীরা টের পেয়ে তাদের ধাওয়া করে।

একপর্যায়ে অন্যরা পালাতে পারলেও কালাইয়া ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ছোড়া ছররা গুলিতে ওজিউল্লাহর এক ছেলে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।