২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী শিক্ষক পদে প্যানেলভুক্ত নিয়োগের বাধা কাটল

রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্যানেলভুক্তদের নিযোগ দিতে হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

গত ১৮ জুন এক রায়ে হাই কোর্ট প্যানেলভুক্ত ১০ শিক্ষককে অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেয়।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ তা খারিজ করে দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আমাতুল করীম। নিয়োগ বঞ্চিত ১০ প্যানেলভুক্তের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমাম হোসেন তারেক।

ব্যারিস্টার ইমাম হোসেন তারেক বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, প্যানেলভুক্ত ১০ জনকে নিয়োগ দিতে হবে। প্যানেলভুক্ত ৪২ হাজার ৬১১ জনের প্রকাশিত তালিকা থেকে প্রায় ১৪ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ২৮ হাজার নিয়োগের জন্য আইনি প্রতিকার চাইতে পারেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।

উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়।

এ নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছিল।

এরপর ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়। এরপর প্যানেলভুক্ত থেকেও নিয়োগ না নওগাঁর ১০ জন ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নিদেশনা হাই কোর্টে রিট আবেদন করেন।

তারা হলেন-শফিকুল ইসলাম, হাফিজ আল আসাদ, রওশন জাহান, রওনক জাহান, লতিফা হেলেন, মঞ্জুয়ারা খাতুন, খালেদুজ্জামান, মোসা. কামরুন্নাহার, আবুল খায়ের ও মঞ্জুর মোর্শেদ।

রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৮ জুন তাদের নিয়োগ দিতে নির্দেশ দিয়ে ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়।

এর বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। বৃহস্পতিবার তা খারিজ হয়।