কক্সবাজারে যুবক খুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘টাকা নিয়ে মানবপাচারকারীদের কোন্দলের’ জেরে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকায় এ হত্যাকাণ্ড হয়।
নিহত আব্দুস সালাম (৩১) উত্তর লেঙ্গুরবিল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, আবদুস সালাম বাড়ির খোলা ছাদে ঘুমিয়ে ছিলেন।
সকালে হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোভন দাশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি আতাউর।
ওসি আরও জানান, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করা হয়। এছাড়া পেটে ছুরিকাঘাতও করা হয়েছে।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, মানবপাচারের লেনদেনের টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে আব্দুস সালামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
লাশের সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
