সিলেটে ছিনতাইয়ের টাকাসহ যুবক আটক
সিলেট নগরী থেকে ছিনতাই করা ১৪ লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, সোমবার দুপুরে নগরীর দর্শন দেউড়ি এলাকা থেকে রবিউল ইসলাম খালেদকে (৩০) আটক করা হয়।
খালেদের বাড়ি খুলনায়। তিনি গ্লোবাল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
ওসি সোহেল বলেন, দুপুরের দিকে নগরীর দর্শন দেউড়ি এলাকার রাজার গলিতে গ্লোবাল ফার্মাসিউটিক্যালের এক কর্মকর্তার কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন তিনি। পালিয়ে যাওয়ার সময় পুলিশ রবিউলকে আটক করে।
আটকের পর তার কাছ থেকে ছিনতাই করা ১৪ লাখ টাকা ছাড়াও কিছু মরিচের গুঁড়া ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি সোহেল।
