স্ত্রী নির্যাতনের অভিযোগে কারাগারে এসআই
স্কুল পড়ুয়া স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আদিব আলী সোমবার এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী উম্মে আসমা শেলী জানান।
এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এসআই আব্দুল ওয়ারেছ। ওয়ারেছ মহানগর পুলিশের কাউনিয়া থানায় কর্মরত ছিলেন।
মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট উম্মে আসমা শেলী জানান, গত ৫ মার্চ বরিশাল নগরীর আমানতগঞ্জ চৌধুরী সড়কের একটি তালাবন্ধ ফ্ল্যাট থেকে ওয়ারেছের কিশোরী স্ত্রী হাবিবা আক্তার মারুফাকে জখম অবস্থায় উদ্ধার করেন মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
হাবিবা নগরীর শের-ই বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
এরপর গত ১০ মার্চ স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এসআই ওয়ারেছের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন তার শাশুড়ি মাহমুদা বেগম।
ওইদিনই তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
গত ২৯ এপ্রিল কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ মামলায় ওয়ারেছের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আইনজীবী উম্মে আসমা আরও জানান, মামলার পর থেকেই এসআই ওয়ারেছ পালাতক ছিলেন। গত ৬ এপ্রিল হাই কোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন নেন তিনি।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন বলে জানান উম্মে সালমা।
দুপক্ষের শুনানি পর আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
