জয়পুরহাটে যুবদল নেতা খুন, যুবক গ্রেপ্তার
জয়পুরহাট জেলা যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে একটি ধান ক্ষেতে এ হামলায় নিহত আফজাল হোসেন লড় (৪২) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি শহরের সবুজনগর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে মোহন মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টার দিকে আফজাল নিজের ধানক্ষেত দেখতে গেলে পূর্ব শত্রুতার জেরে একদল যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আনোয়ার আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতককে ধাওয়া করে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহন মিয়া ওরফে মুরগী মোহন একজন সন্ত্রাসী। তার বাবার নাম শাহজাহান আলী। বাবা-মার সঙ্গে তিনি জয়পুরহাট শহরের মুসলিম নগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আগে থেকে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
