বজ্রপাতে চাঁদপুর ও গাইবান্ধায় নিহত ২
বজ্রপাতে চাঁদপুর ও গাইবান্ধায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার দুপুরে চাঁদপুরের সদর উপজেলায় এবং গাইবান্ধায় সদরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন চরফতেজংপুর এলাকার বিল্লাল হোসেন গাজী (৪০) ও গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রবিদাস (৩২)।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ফরিদুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বিল্লালসহ আরো দুজন আহত হয়।
“তাদের হাসপতালে আনার পর বিল্লাল মারা যান।”
গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মোস্তাক আহমেদ বলেন, রান্নাঘরে স্ত্রী কমলা রাণীর পাশে বসেছিলেন নারায়ণ চন্দ্র রবিদাস। এ সময় বজ্রপাতে দুজনেই আহত হন।
তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারায়ণ।
