যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সদর থানার এসআই আজিজুর রহমান জানান, শনিবার সকালে সদরের সমসেরাবাদ লামচরী এলাকার রহমতখালী খালের কচুরিপানার নিচ থেকে ওই গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিলকিছ আক্তার উপজেলার উত্তর টুমচর গ্রামের আবু তাহেরের স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিলকিছের শাশুড়ি লুপী বেগমকে আটক করা হয়েছে।
বিলকিছের বাবা জাহাঙ্গীর আলম বলেন, “৪/৫ মাস আগে তাহেরের সঙ্গে বিলকিছের বিয়ে হয়। বিয়ের সময় ২৫ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও অর্থাভাবে দিতে পারিনি। টাকার জন্য বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শাশুড়ি প্রায়ই বিলকিছকে নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে ২/৩ দিন আগে সে আমাদের বাড়ি চলে আসে।
শুক্রবার সন্ধ্যার পর তাহের বাড়ির পাশে এসে মোবাইল ফোনে বিলকিছকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী রহমতখালী খালের ঘাটলায় বসে অনেক রাত পর্যন্ত কথা বলে। এরপর থেকে আর বিলকিছকে খুঁজে পাওয়া যায়নি।”
এসআই আজিজুর বলেন, ভোরে মুসল্লিরা অজু করতে নেমে খালের কচুরিপানার নিচে লাশ দেখে পুলিশে খবর দেয়।
