ভিন্নতা থাকলেও ঢাকার সঙ্গে ঐকমত্যে জোর যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের সঙ্গে অনেক বিষয়ে মতভিন্নতা থাকলেও ‘শক্তিশালী অংশীদার’ ঢাকাকে হারাতে রাজি নয় যুক্তরাষ্ট্র।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ওয়েন্ডি শেরমান বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য আছে। তবে কীসে আমাদের ঐক্যবদ্ধ রেখেছে তা মনে রাখতে হবে।”
দুদিনব্যাপী চতুর্থ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ শেষে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
শিশুদের পুষ্টি ও শিক্ষায় প্রতিশ্রুতি, নারী ও মেয়ে শিশুদের জন্য সুযোগ সম্প্রসারণে অনুরাগ, ধর্মীয় ও নৃগোষ্ঠীগত বৈচিত্র্য ও সহনশীলতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নিখুঁত করার অন্তহীন প্রক্রিয়ার প্রতি যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন শেরমান।
তবে দুদেশের মধ্যেকার ভিন্নতাগুলো নির্দিষ্ট করে বলেননি তিনি।
শেরমান বলেন, “উন্নয়ন, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক সংহতিতে সাধারণ লক্ষ্যসমূহ এগিয়ে নিতে দুটি উদার, বহুত্ববাদী দেশের একসঙ্গে কাজ করার উপায়গুলো খুঁজতে আলোচনার জন্য আমি এখানে এসেছি।
“আমরা ওই সব লক্ষ্যে অনেক অগ্রগতি করেছি। বিশেষ করে উন্নয়নে, যেখানে বাংলাদেশের জোর পদচারণা রয়েছে।
“২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হওয়ার যে লক্ষ্য বাংলাদেশ নির্ধারণ করেছে তাকে আমরা সমর্থন করি। আমরা বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এটাকে বাস্তবে রূপ দিতে আমরা আমাদের সম্পদের বিনিয়োগও করছি।”
৫ জানুয়ারির নির্বাচনকে ‘গ্রহণযোগ্য’ মনে না করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। এমনকি ২৮ এপ্রিলে তিন সিটির নির্বাচন নিয়েও সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, ভবিষ্যতে ‘খুবই উন্নত’ নির্বাচনের জন্য সিটির নির্বাচনের অনিয়মের অভিযোগের তদন্ত প্রয়োজন।
মানবাধিকার পরিস্থতি বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার যুক্তরাষ্ট্র।
সব ধরনের উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএসের বিরুদ্বে অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সাড়া দেয়নি।
তবে আন্ডার সেক্রেটারি বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ‘বৃহৎ ও গভীর’ সম্পর্ক শুধু দুদেশের জনগণ নয় বিশ্ব সম্প্রদায়কেও লাভবান করবে।
তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ রাখার মতো অনেক বিষয় আছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আমরা ঘনিষ্টভাবে কাজ করছি।
“দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে যোগাযোগ ও আন্ত-আঞ্চলিক পর্যন্ত সব বিষয় নিয়েই এই অঞ্চলে কাজ করছি আমরা। আমরা বৈশ্বিক ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছি।
“অবশ্যই অনেক বিষয় রয়েছে যেখানে উন্নতির প্রয়োজন রয়েছে। উৎকর্ষ প্রয়োজন এমন ক্ষেত্রগুলো নিয়েও আমরা পরস্পরে খোলাখুলি আলোচনা করেছি।”
এই অঞ্চলে ‘অনুঘটকের ভূমিকার’ জন্য বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “আমরা মনে করি, নিজের এবং এই অঞ্চলের রূপান্তরে বাংলাদেশের প্রায় অফুরন্ত সম্ভাবনা রয়েছে। ওই সম্ভাবনা কাজে লাগাতে আমরা আপনাদের শক্তিশালী অংশীদার হতে উদ্বেল।
“দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ধনশীল অর্থনীতিকে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশে আয় ও জীবনযাত্রার উন্নয়নে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
তিনি বলেন, “আমরা আমাদের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রও বৃদ্ধি করছি।”
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধ জাহাজ কোস্ট গার্ড কাটার আগামী ৬ মে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের হাতে তা তুলে দেবেন।
তিনি বলেন, নারী ও শিশুর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীকে ‘অপ্রতিরোধ্য সৈনিক’ আখ্যা দেন তিনি।
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণ ও চিকিৎসা দলে পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদও ওয়েন্ডি শারম্যান।
