২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মন্দির ভেঙে জায়গা দখল

বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দির ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

শুক্রবার উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের মণ্ডলপাড়া ‘সার্বজনীন কালী মন্দিরে’ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মণ্ডলপাড়া সার্বজনীন কালি মন্দির কমিটির সভাপতি মনি লাল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছর আগে স্থানীয় চার সহোদর অতুল, অমূল্য, প্রফুল্ল ও ভুবন মণ্ডল ভারত চলে যাওয়ার আগে মন্দিরের জন্য ২৫ শতক জমি দান করেন।

পরে ওই জমিতে গ্রামবাসীকে নিয়ে একটি সার্বজনীন কালী মন্দির স্থাপন করা হয়। সেই থেকে গ্রামবাসী সেখানে পূজা অর্চণা করে আসছে।

মন্দির কমিটির সভাপতির অভিযোগ, স্থানীয় বাসিন্দা খান নাসির উদ্দিন জমির মালিকানা দাবি করে শুক্রবার ভোর ৫টার দিকে লোকজন নিয়ে মন্দির ভেঙ্গে ফেলেন।

নাসিরের লোকজন মন্দিরে থাকা কালী প্রতিমা অন্যত্র সরিয়ে ফেলেন এবং সেখানে নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করেন বলে জানান মনি লাল মণ্ডল।

মন্দিরের ওই জমিতে ঘর তোলার কথা স্বীকার করে খান নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতুল, অমূল্য, প্রফুল্ল ও ভুবন মণ্ডলদের শরীক (অংশীদার) মলিনা মণ্ডল ২০১১ সালে আমার কাছে জমি বিক্রি করেন। আমার কাছে ওই জমির দলিল রয়েছে।”

মনি লাল মণ্ডল তাকে ওই জমি থেকে বঞ্চিত করতে রাতারাতি খড় ও বাঁশ দিয়ে একটি অস্থায়ী স্থাপনা তৈরি করে পূজা অর্চণা করা শুরু করেছেন বলে দাবি করেন নাসির।

মোরেলগঞ্জ থানার ওসি তারক বিশ্বাস জানান, মন্দিরের জায়গায় নাসির ও তার লোকজন বাঁশ ও টিন দিয়ে ঘর তৈরি করার খবর পেয়ে শুক্রবার বিকালে সেখানে গেলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় উভয়পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।