বাগেরহাটে ঝড়ে বাজার লণ্ডভণ্ড
কালবৈশাখী ঝড়ে বাগেরহাট সদরে একটি বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে এ ঝড়ের সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
বেমরতা ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সাজেদা বেগম শুনু জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি হয়।
এক থেকে দেড় মিনিট স্থায়ী ঝড়ে আনোরডাঙ্গা বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়।
ঝড়ে ব্যবসায়ীদের অন্তত সাতটি দোকান পাশের খালে পড়ে রয়েছে। টিনের চাল ও কাঠের বেড়া উড়িয়ে নিয়ে গেছে।
ব্যবসায়ীদের দোকানের চাল, ডাল, আটা, ময়দা ভিজে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, শনিবার সকালে প্রশাসনের একটি দল সেখানে পরিদর্শনে যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য দেওয়া হবে।
