ফেনীতে ‘দুর্ঘটনায়’ নারীর মৃত্যু
ফেনী সদর উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার হয়েছে, যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় লাশটি পাওয়া যায়।
ভোরের দিকে দ্রুতগতির কোনো বাহনের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয় বলে ধারণা করছেন তিনি।
পরিদর্শক সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।”
নিহতের পরিবারের কোনো খোঁজ না পাওয়ায় লাশ ময়নাতদন্ত শেষে আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
