স্মরণে শ্রমিকের সেই রক্তাক্ত সংগ্রাম
শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনাপ্রবাহের দিন মে দিবস পালিত হচ্ছে শ্রমিক সংগঠনগুলোর নানা কর্মসূচির মধ্য দিয়ে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও ১ মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করছে; দিনটি সাধারণ ছুটির দিন।
এবারের মে দিবসের প্রতিপাদ্য 'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি'।
সকাল থেকে জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন-গুলিস্তান এলাকায় মিছিল, শোভাযাত্রা, মানববন্ধনের মতো কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠনগুলো, হবে আলোচনা সভাও।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে।
আন্দোলন দমনে সেদিন শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।
১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বর্তমান বিশ্ব পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ। মুক্ত বাজার অর্থনীতিতে পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণসহ বিশ্বমানের পণ্য উৎপাদন করার কোনো বিকল্প নেই।
“এ জন্য শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা খুবই জরুরি বলে আমি মনে করি। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং দেশের মেহনতি শ্রমজীবী মানুষ এর সুফল পাচ্ছেন।”
সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে শিল্পোদ্যোক্তা, মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রয়াস গড়ে তোলার আহবান জানান রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় দিন। এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
শ্রমিক কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আমরা বিএনপি-জামাত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করেছি। পোশাক শিল্পসহ ৩৮টি শিল্পখাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করেছি।”
শিল্পখাতের উন্নয়নে সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর’কে অধিদপ্তরে উন্নীত করার কথাও বলেন তিনি।
এ দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে শ্রম ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টনে শ্রমিক সমাবেশের কর্মসূচি নিয়েছে।
বাংলাদেশ বেতার ও টেলিভিশন মে দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এ দিনের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ক্রোড়পত্র।
