২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের পর গাড়িচাপায় নিহত

মাগুরা সদরে গাড়িচাপায় তিনজন নিহত হয়েছেন, যারা দুর্ঘটনাকবলিত একটি গাড়ি উদ্ধারের পর ফিরছিলেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 01:09 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার জাগলা আঙ্গারদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন - যশোর সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের শাহাদৎ হোসেন (৫২), হুদোরাজাপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও ওসমানপুর গ্রামের মকিম উদ্দিন (৬০)।

দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি, তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, দুপুরে জাগলা আঙ্গারদহ এলাকায় একটি কর্ভাড ভ্যান উল্টে পাশের খাদে পড়ে যায়। ওই ভ্যানটি তুলতে বিকালে যশোর থেকে ৭/৮ জন লোক আনা হয়।

“রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে মাগুরাগামী অন্য একটি কর্ভাড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহন হন,” বলেন এসআই তরিকুল।