২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর নগরীর একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড বাজার এলাকায় ‘একতা গার্মেন্ট’ এর শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেন।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট হয়। তবে, কিছুক্ষণ পর পুলিশ গিয়ে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ১৫ এপ্রিল থেকেই কারখানাটি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বিকালে শ্রমিকরা কারখানায় গিয়ে তালাবদ্ধ দেখতে পায়। তারপরও তারা বেতনের জন্য অপেক্ষা করে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকেও বেতন না পেয়ে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার পাশের মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে যানজট  সৃষ্টি হয়।

পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান এসআই মিজানুর।

এ ব্যাপারে কথা বলার জন্য কারখানার কয়েকজন কর্মকর্তার মোবাইল  ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা ১৫ মিনিটের মতো ওই মহাসড়কে অবস্থান নেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।