২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সংঘর্ষে নাছিরসমর্থক দুই পক্ষ, আহত ৯

সিটি করপোরেশন নির্বাচনের পর দুই দিন না পেরোতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ যারা নিজেদের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে দাবি করে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ থামাতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়েরের হাতের তালু কেটেছে। মারামারিতে আহত হয়েছেন আরও আটজন।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এ পক্ষ দুটি পরিচিত ‘সিক্সটি নাইন’ ও ‘বাংলার মুখ’ নামে। 

তাদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাখাওয়াত হোসইন। তার মোবাইল ফোনটি ‘বাংলার মুখ’ কর্মীরা ভেঙে ফেলে।

হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের পক্ষ দুটি সংঘর্ষে লিপ্ত হয়। আহত রানা ও সাজিদ নামের দুই ছাত্রকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”  

এছাড়া ‘সিক্সটি নাইন’-এর সাজিদ ও রানা এবং ‘বাংলার মুখ’ এর আরিফুল ইসলাম, তাজুল ইসলাম, মারজানুল ইসলাম, নীর, বিজয় ও রায়হান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

সিক্সটি নাইন গ্রুপের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু। আর বাংলার মুখ নিয়ন্ত্রণ করেন বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী।

সিক্সটি নাইন গ্রপের নেতা বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের ছোট ভাইরা কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”

তার অভিযোগ,  বাংলার মুখের কর্মীরা সিক্সটি নাইনের সাজিদ ও রানাকে মেরে আহত করে।

অন্যদিকে বাংলার মুখের অন্যতম নেতা সৌমেন পালিত বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশন নির্বাচনের পর থেকেই আমাদের জুনিয়রদেরকে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা হুমকি দিচ্ছিল। এর জেরেই সংঘর্ষ ঘটেছে। আমাদের পাঁচকর্মী আহত হয়েছে।”   

পুলিশ ও দুই পক্ষের নেতাদের চেষ্টায় বেলা ৩টা নাগাদ সংঘর্ষ বন্ধ হলেও বিকাল সাড়ে ৪টা নাগাদ আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশের ধাওয়ায় বাংলার মুখের কর্মীরা ক্যাম্পাস ছাড়ে। অন্যদিকে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলে আশ্রয় নেয়।

এর আগে বিশ্ববিদ্যালেয়ের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন নিজেদের মধ্যে বিবাদে যুক্ত ছিল নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের বিভিন্ন পক্ষ। 

গতবছর ১৪ ডিসেম্বর সিএফসি ও ভিএক্স নামে পরিচিতি দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাপস সরকার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়। ওই নির্বাচনে ভোটকেন্দ্র দখলসহ ব্যাপক অনিয়মের তথ্য এসেছে গণমাধ্যমে।