২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেস্টের সোনা কেলেঙ্কারির প্রতিবেদন এ মাসেই

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের দেওয়া সম্মাননা ক্রেস্টে সোনা কম দেওয়ার অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটির প্রতিবেদন এক বছরেরও বেশি সময় পর আলোর মুখ দেখতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

আগামী ২৪ মে এ সংক্রান্ত প্রতিবেদন স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম জানিয়েছেন। 

ক্রেস্টে সোনা কম দেওয়ার অভিযোগ ওঠার পর গত বছরের ২৪ এপ্রিল সংসদীয় কমিটির বৈঠকে তা তদন্তের সিদ্ধান্ত হয়। আফসারুল আমিনকে আহ্বায়ক করে গঠিত এই উপকমিটিতে ইকবালুর রহিম ছাড়াও সদস্য রয়েছেন গাজী গোলাম দস্তগীর।

Image
বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়ার এই ছবি ২০১৩ সালের। (ফাইল ছবি)

বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়ার এই ছবি ২০১৩ সালের। (ফাইল ছবি)

বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকের পর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আফসারুল আমিন সাহেব অসুস্থ ছিলেন বলে প্রতিবেদন আজ জমা দিতে পারেননি। আগামী ২৪ মে কমিটির বৈঠকে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়েছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও এনিয়ে তদন্ত করেছে। তাতে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক সচিব মিজানুর রহমান ও বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকসহ ১৩ কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে।

উপ-কমিটিকে কয়েক দফা সময়ও বাড়িয়ে দিয়েছিলো স্থায়ী কমিটি। সংসদীয় তদন্ত কমিটি এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী তাজুলের সংশ্লিষ্টতা পায়নি বলে এরই মধ্যে জানিয়েছে। ওই ক্রেস্ট তৈরির সময় ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের তদন্তে ‘তাড়াহুড়ো’ হয়েছে বলে মন্তব্য করেছিল। তাছাড়া বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় তদন্তে জটিলতা তৈরি হয়েছে বলেও অভিমত দেওয়া হয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৩ সালের অক্টোবর পর্যন্ত সাত ধাপে প্রায় আড়াইশ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

এর মধ্যেই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই সম্মাননা ক্রেস্টে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম স্বর্ণ দেওয়া হয়। তাছাড়া রুপার পরিবর্তে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।

এরপর এনিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তোলে সেক্টর কমান্ডারস ফোরাম।

এরপর ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সংসদ অধিবেশনেও বিষয়টি আলোচনা হয়।

এক আইনজীবীর নোটিসের জবাবে মন্ত্রণালয় জানায়, বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দেওয়া হবে।

এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশ নেন।

পুরনো খবর:

ক্রেস্টে স্বর্ণ: তাজুলের সংশ্লিষ্টতা ‘পাচ্ছে ‘না’ সংসদীয় কমিটি
স্বর্ণ জালিয়াতির তদন্ত নিয়ে জটিলতায় সংসদীয় কমিটি
ক্রেস্টে স্বর্ণ কম দেয়ায় জড়িতদের শাস্তি দাবি