২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ ভবন রঙ দিয়ে চিহ্নিতের নির্দেশ

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রঙ দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ সাইনবোর্ড ঝোলাতে বলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।

জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটির সভায় এই নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বিল্ডিংকোড আইন চূড়ান্ত হবে বলেও বৈঠকে জানানো হয়।

২০১৪ সালের ১৫ জুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন জাতীয় সংসদে জানিয়েছিলেন, রাজউক ঢাকা মহানগরীতে ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে।

তবে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাজধানীতে এই সংখ্যা কয়েক হাজার বলে উল্লেখ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বিল্ডিংকোড হালনাগাদ করে তা বাস্তবায়নে ‘কঠোর’ অবস্থান নিতে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

“বিশেষত ঝুঁকিপূর্ণ ভবনকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ সাইনবোর্ড টাঙাতে সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়।”

Image
সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকায় হেলে পড়ে এই ভবন

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকায় হেলে পড়ে এই ভবন

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকায় আটটি ভবনের হেলে পড়ার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নিরূপণ করে ২০ মের মধ্যে প্রতিবেদন দিতে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি।

সরকারি পুরনো মেডিকেল কলেজ ভবনগুলো জরুরিভিত্তিতে পুনঃসংস্কারের ব্যবস্থা নিতেও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মার্কেটসহ বিভিন্ন স্থাপনার একটি নিরীক্ষা স্ব স্ব মন্ত্রণালয়ের উদ্যোগে করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

স্কুল-কলেজে বছরে দুইবার প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক মহড়া আয়োজনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি।

এছাড়া উপকূলীয় এলাকায় যেসব লোকদের ঘূর্ণিঝড় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের ভূমিকম্প নিয়েও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল; স্থানীয় সরকার, গণপূর্ত, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সিটি করপোরেশন, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ছাড়াও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ভূমিকম্প: নির্মাণে সতর্ক থাকার তাগিদ