ধাওয়ায় ভারতে ফিরে গেলেন দুজন, তাদের ব্যাগে পিস্তল-গুলি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সীমান্ত পিলারের কাছে দুই অনুপ্রবেশকারীর ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
নওগাঁ-৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে লালমাটিয়া এলাকায় আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়।
তবে বিজিবির টহল দল ওই অনুপ্রবেশকারীদের ধরতে পারেনি।
বিজিবি কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভীষণ বিওপির একটি টহল দল রাতে সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারত থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া করে। এসময় ওই দুজন বাংলাদেশের সীমানার ভেতরের মাঠে একটি ব্যাগ ফেলে দ্রুত ওপারে পালিয়ে যায়।
“পরে ব্যাগের ভেতরে একটি ভারতীয় পিস্তল, গুলি, দুটি ধারালো অস্ত্র (হাসুয়া), দুই বোতল ভারতীয় মদ ও দুই কেজি জিরা পাওয়া যায়।”
