২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসম্যান স্যালমনের সঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সাক্ষাৎ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের একটি উপ কমিটিতে শুনানির আগে ওই কমিটির চেয়ারম্যান ম্যাট স্যালমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 10:23 AM

Updated : 25 Apr 2022, 01:18 PM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর রাত ৩টা পর্যন্ত) এই শুনানি হবে।

‘বাংলাদেশের ক্ষত: রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদ’ শীর্ষক এ শুনানিতে আয়োজক  কংগ্রেসের এশিয়া-প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত উপকমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।

তার আগে বুধবার উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ম্যাট স্যালমনের সঙ্গে দেখা করেন জিয়াউদ্দিন।

তাদের সাক্ষাতে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবুদ্দিন পাটোয়ারী ও কাউন্সেলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

নাঈমউদ্দিন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদূত কংগ্রেসম্যান ম্যাট স্যালমনকে বলেছেন, “গত ২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কতো ভোট পড়েছে তা দেখলেই নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাওয়া যায়।”

২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীরা অংশ নিলেও অনিয়ম আর কারচুপির অভিযোগ তুলে ভোটের দিন দুপুরের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

তিন সিটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কাউন্সিলরদের অধিকাংশই তাদের পক্ষের। 

শাহাবুদ্দিন পাটোয়ারী জানান, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কেও ম্যাট স্যালমনকে অবহিত করেছেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির প্রভাবশালী নীতিনির্ধারক ম্যাট স্যালমন।

শুনানিতে কংগ্রেস সদস্যদের পাশাপাশি হেরিটেজ ফাউন্ডেশন, ডেভিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি এবং এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান আলী রিয়াজ, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সরকার সম্পর্ক বিভাগের পরিচালক জয় কানসারা, ইউএস-বাংলাদেশ ট্রেড এন্ড রিলেশন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্টিভেন ডি ফ্লিশচিল এবং ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়া কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্কিত সিনিয়র ফেলো আলিসা আয়েরস বাংলাদেশ নিয়ে অনুষ্ঠেয় শুনানিতে বক্তব্য রাখবেন।

এ শুনানি ছাড়াও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের চতুর্থ অংশীদারিত্ব সংলাপ।