২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের নির্দেশে ভোট কারচুপির অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেছেন, দলের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে তাকে ভোটে হারানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 10:32 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মোল্লার অভিযোগ ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার ভোটের পর থেকে আত্মগোপনে আছেন দাবি করে কাশেম মোল্লা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাণের শঙ্কা নিয়ে আমি এখন আত্মগোপনে আছি।”

তার অভিযোগ প্রত্যাখ্যান করে সংসদ সদস্য আসলামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম কিছুই আমার জানা নাই। শুধু ওই ওয়ার্ড কেন, এই আসনের সব কেন্দ্রে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।”

ভোটে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন আছে দেখার জন্য। তাদের জিজ্ঞাসা করুন।”

Image
সংসদ সদস্য আসলামুল হক

সংসদ সদস্য আসলামুল হক

ওই ওয়ার্ডে অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই নির্বাচনে মিরপুর এলাকার ওই ওয়ার্ডে ট্রাকটর প্রতীক নিয়ে লড়েছিলেন কাশেম মোল্লা। তিনি পেয়েছেন ৮৩৩২ ভোট।

ঠেলাগাড়ি প্রতীকে ১০১০৪ ভোট পাওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী টিপু সুলতানকে ওই ওয়ার্ডে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কাশেম মোল্লা ১৭৭২ ভোটে হেরেছেন। ওই ওয়ার্ডে ১৯৬৩টি ভোট বাতিল হয়েছে, সেখানে অনিয়ম হয়েছে বলে এই প্রার্থীর দাবি।

তার অভিযোগ, সংসদ সদস্যের তত্ত্বাবধানে মিরপুরের শাহ আলী থানার ওসি, প্রিজাইডিং কর্মকর্তাদের যোগসাজশে ভোটের দিন রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে।

“কেন্দ্রগুলোতে আমার পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয় নাই। তাদের কোনো স্বাক্ষরও নাই। রাত ৯টা পর্যন্ত ৮৬৮ ভোটে এগিয়ে ছিলাম আমি। স্থানীয় এমপি ব্যালট বাক্স সংগ্রহ করে ভোটের রেজাল্ট পাল্টে দিয়েছে।”

শাহ আলী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, দরগা প্রাথমিক স্কুল, উত্তর বিশিল স্কুল, বিসিআইসি স্কুল ও কলেজ, উপশহর প্রাথমিক স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ কাশেম মোল্লার।

কাশেম মোল্লার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফল ঘোষণার পরে তাদের করার আর কিছু নেই।

“কেউ সংক্ষুব্ধ হলে তাকে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে হবে, প্রয়োজনে আদালতেও যেতে পারেন,” বলেন তিনি।