ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু
গাইবান্ধা সদরে রেল লাইন পাহারারত এক আনসার সদস্যর মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়।
বুধবার বিকালে কূপতলা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডিপটি মিয়া (৪৫) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নাশকতা প্রতিরোধে রেলপথ পাহারার অংশ হিসেবে ডিপটি মিয়া কূপতলা রেল স্টেশনের কাছে লাইন পাহারা দিচ্ছিলেন।
ওই সময় তিনি মোবাইল ফোনে গান শুনছিলেন।
আনোয়ার হোসেন আরও জানান, শান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাশের একটি গাছের উপর আছড়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হোসেন মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে আনসার-ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক দুলাল চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শহিদুল হক।
