পরিবেশ দূষণ: গাজীপুরে ২ কারখানাকে জরিমানা
পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করায় গাজীপুরে দুইটি ডায়িং কারখানাকে ৫৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত বিভিন্ন ডায়িং কারখানা আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় উপজেলা সদরে অবস্থিত ডং বাং ডাইং কারখানার ইটিপি (বর্জ্য শোধনাগার) নেই এবং একই এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানার বাইরে তরল বর্জ্য দেখতে পান।
পরে বুধবার আলমগীর কারখানা দুটির মালিক/প্রতিনিধির তলব করে শুনানি গ্রহণ শেষে ডং বাং ডাইং কারখানারকে ৪৪ লাখ টাকা এবং ইন্টারস্টফ অ্যাপারেলসকে ১৩ লাখ জরিমানা করেন।
