২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুর গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 04:59 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির বুকের পাজরে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।”

গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি।

চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা বলে জানান তিনি।

এর আগে গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি। আটদিনের সফর শেষে ১৫ মার্চ দেশে ফেরেন তিনি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ স্পিকারের দায়িত্বে থাকার সময় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন।

২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ গত বছরের নভেম্বরে সিঙ্গাপুর যান হামিদ।