নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শেখ ইব্রাহিম (৩৫) উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের কোরবান আলীর ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
ওই হামলায় খলিলুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশরাফুজ্জামান বলেন, রাতে ইব্রাহিম ও সাইফুল আমিশাপাড়া বাজারের একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ইব্রাহিমের দিকে গুলি ছোড়ে।
“এক পর্যায়ে হামলাকারীরা ইব্রাহিমকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ইব্রাহিমের ঘাড়ে গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
