২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: ট্রাইব্যুনালের সাজায় আপিলে যাওয়া যাবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবমাননার দায়ে কারও সাজা হলে সংবিধান অনুযায়ী ‘সম্পূর্ণ ন্যায়বিচারের’ দাবি নিয়ে তিনি আপিল বিভাগে যেতে পারেন বলে এক পর্যবেক্ষণে জানিয়েছে হাই কোর্ট।  

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 01:08 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিদাতা ১২ ব্যক্তির একটি রিট আবেদনের নিষ্পত্তি করে হাই কোর্ট এই পর্যবেক্ষণ দিয়েছে। 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আবেদনকারীদের আইনজীবী রাশনা ইমাম আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত পর্যবেক্ষণ দিয়ে আবেদন নিষ্পত্তি করে দিয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে, ট্রাইব্যুনাল আইনে কেউ দণ্ডিত হলে তিনি সংবিধানের ১০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ আদালতে যেতে পারবেন।”

ব্লগে ‘দায়িত্বজ্ঞানহীন’ লেখার মাধ্যমে বিচারাধীন বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গতবছর ২ ডিসেম্বর সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে উদ্বেগ প্রকাশ করে ৫০ জন নাগরিকের একটি বিবৃতি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়।

ওই বিবৃতি ‘বাংলাদেশের বিচার বিভাগের প্রতি কটাক্ষ’ মনে হওয়ায় ট্রাইব্যুনাল বিবৃতিদাতাদের আচরণের ব্যাখ্যা চায়।

৫০ বিবৃতিদাতার মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমা চেয়ে অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পান। আর একজন আগেই বিবৃতি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১ এপ্রিল অবমাননার রুল জারি করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদের মধ্যে ১২ বিবৃতিদাতা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাই কোর্টে এই রিট আবেদন নিয়ে আসেন।

এরা হলেন- শিরিন পারভীন আক্তার, আফসান চৌধুরী, আলী আহমেদ জিয়াউদ্দিন, শহীদুল আলম, আনুশেহ আনাদিল, রফিকুর আবরার, ফরিদা আক্তার, লুবনা মরিয়ম, মাসুদ খান, রেহনুমা আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী ও জিয়াউর রহমান। 

গত রবি ও সোমবার আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আকতার ইমাম। সঙ্গে ছিলেন রাশনা ইমাম ও রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

পরে আবেদনকারীদের আইনজীবী রাশনা ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৪) এবং ২১ মিলিয়ে পড়লে দেখা যায়, মানবতাবিরোধীদের আপিলের অধিকার দেওয়া হলেও যারা আদালত অবমননায় সাজা পেয়েছেন তাদের আপিলের অধিকার দেওয়া হয়নি। এটি সংবিধানের ২৬, ২৭, ৩১ ও ৩৯ অনুচ্ছেদ পরিপন্থি। এসব যুক্তিতে আবেদনটি করা হয়।”

ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারায় আদালত অবমাননার দায়ে দণ্ড এবং ২১ ধারায় আপিলের অধিকারের বিষয়ে বলা রয়েছে।

ট্রাইব্যুনালে অবমাননার এ মামলা স্থগিতের পাশাপাশি ট্রাইব্যুনাল আইনের ওই দুটি ধারায় অবমাননাকারীদের আপিলের অধিকার নিশ্চিত না করা ‘কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না’- তা জানতে রুল চেয়েছিলেন ১২ আবেদনকারী। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে ট্রাইব্যুনালের আইনকে সুরক্ষা দেওয়া হয়েছে।

“আদালত অবমাননার রুল বিচারাধীন রয়েছে। সংবিধানের ১০২ অনুচ্ছেদের ৩ অনুযায়ী রিটটি গ্রহণযোগ্য নয়। ট্রাইব্যুনালের বিচারপতিরা হাই কোর্টের বিচারপতিদের সমমর্যাদার। তাই ট্রাইব্যুনালের যে কোনো আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে।”

হাই কোর্ট স্থগিতাদেশ বা রুল কোনোটাই না দিয়ে পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে।

পর্যবেক্ষণে হাই কোর্ট সংবিধানের ১০৪ ধারায় ‘সম্পূর্ণ ন্যায়বিচারের’ জন্য আপিল বিভাগে যাওয়ার সুযোগের বিষয়টি উল্লেখ করেছে।

এদিকে অবমাননার অভিযোগে ট্রাইব্যুনাল ২৩ বিবৃতিদাতার বিরুদ্ধে যে রুল দিয়েছিল তার জবাব দেওয়ার তারিখ ছিল বুধবার। 

রাশনা ইমাম জানান, তারা রুলের জবাব দিয়েছেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য ৬ মে দিন রেখেছে।