ভোটের আগে ঢাবির হল থেকে আটক ২৬
সিটি কর্পোরেশন ভোটের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অভিযান চালিয়ে ২৬ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, সোমবার মধ্যরাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা সবাই ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈন উদ্দিন আহমেদ বাবুর সমর্থক বলে জানান তিনি।
এসি শিবলী সাংবাদিকদের জানান, জহুরুল হক হলে বহিরাগত যুবকরা অবস্থান নেওয়ার খবরে রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালিয়ে ওই ২৬ বহিরাগত যুবককে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট ঘিরে ঢাকার বিভিন্ন স্থান থেকে বহিরাগতরা জহুরুল হক হলে অবস্থান নেয়। তাই পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে।”
ঢাকা উত্তর ও দক্ষিণে এবং চট্টগ্রাম সিটিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
