যশোরে সীমানা বিরোধে খুন
যশোর শহরে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফ্ফার আসবাবপত্র ব্যবসায়ী ছিলেন। শেখহাটি বাবলাতলায় তার ‘ফরেন ফার্নিচার’ নামে একটি দোকান রয়েছে।
যশোর উপশহর ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, গফ্ফারের সঙ্গে প্রতিবেশী কাঞ্চনের বাড়ির সীমানা প্রাচীর দেয়া নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে কবির হোসেনের ছেলে কাঞ্চন সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গফ্ফারকে জখম করে।
যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক।
কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, “খবর পেয়ে গিয়ে দেখি প্রতিবেশী কাঞ্চন ও তার স্ত্রী কাপড়-চোপড় বেঁধে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তাদের দুজনকে আটক করি।”
