জব্বারের বলী খেলার সঙ্গে মেলাও হবে
শতবর্ষ ধরে চলে আসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলী খেলার সঙ্গে এবার বৈশাখী মেলা আয়োজন করতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পুলিশ।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি নির্বাচনকে কারণ দেখিয়ে বুধবার মেলা বসতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা।
তবে আয়োজকদের অনুরোধের পর বৃহস্পতিবার সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল মেলা চালাতে অনুমতি দেওয়ার কথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ এপ্রিল থেকে মেলা বসবে। ২৬ এপ্রিল দুপুর ২টার মধ্যে মেলা শেষ করে ওই এলাকা খালি করে দিতে হবে।”
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার সঙ্গে তিন দিনের মেলা বসে লালদীঘি মাঠের আশপাশজুড়ে। এবারও ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পণ্যের পসরা নিয়ে চলে এসেছিলেন।
কিন্তু লালদীঘি মাঠের আশোপাশে তিন দিনের মেলা বসলে যানবাহন চলাচল ও নির্বাচনী নিরাপত্তা ব্যাহত হতে পারে বলে শঙ্কা থেকে পুলিশ মেলায় আপত্তি জানিয়েছিল।
এরপর এক দিনের বলী খেলার সঙ্গে তিন দিনের মেলা চালাতে আয়োজকরা বৃহস্পতিবার দুপুরে মেলা কমিটি সিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে। এরপরই সিদ্ধান্ত বদল হয়।
চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুর জব্বারের বলী খেলার ইতিহাস বেশ পুরানো। ১৩০৬ বঙ্গাব্দের ১২ বৈশাখ ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে এই বলী খেলার আয়োজন করা হয়।
তারপর থেকে বৈশাখ মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হয় এই বলী খেলা। এবছর এই বলী খেলার ১০৬তম আসর।
বলী খেলা উপলক্ষে প্রতিবছর লালদিঘী মাঠের আশে পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলা। যেখান দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসেন ব্যবসায়ীরা।
