২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বলী খেলা হলেও বসবে না মেলা

শতবর্ষ ধরে চলে আসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলী খেলার বৈশাখী মেলা এবার হচ্ছে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:22 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ঠিক আগে হতে যাওয়া এ মেলার অনুমতি না দিয়ে এক্ষেত্রে নিরাপত্তার কারণ দেখিয়েছে পুলিশ।

নগর পুলিশের কমিশনার আব্দুল জলিল মন্ডল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে নির্বাচন, বলীখেলার আশেপাশে তিন দিনের মেলা বসলে যানবাহন চলাচল ও নির্বাচনী নিরাপত্তা ব্যাহত হতে পারে। সে কারণে এবারে মেলা বসতে পারবে না।”

তবে বলী খেলা ঠিকই হবে বলে জানান তিনি।

চট্টগ্রামের জব্বারের বলী খেলা বেশ পুরানো। ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৩০৬ বঙ্গাব্দের ১২ বৈশাখ এই বলী খেলা শুরু হয়।

তার পর থেকে বাংলা বৈশাখ মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হয় এই বলী খেলা। এবছর এই বলী খেলার ১০৬তম আসর।

বলী খেলা উপলক্ষে প্রতিবছর লালদিঘী মাঠের আশে পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলা। সেখান দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের পণ্যের পশরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।   

আগামী ২৫ এপ্রিল বলী খেলা হবে। তার আগে-পরে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল।

এদিকে পুলিশের সায় পাওয়ার আগেই মেলার আমেজ শুরু হয়ে গেছে লালদীঘি ময়দানে। মাঠের আশ-পাশের এলাকায় ব্যবসায়ীরাও দোকান সাজাতে শুরু করেছেন।

মেলা কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে থেকে পুলিশ আমাদের কিছুই জানায়নি। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে চলে এসেছেন। মেলা না হলে তারা বেশ সমস্যায় পড়বেন।” 

এদিকে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নগরীর বাইরে থেকে আসা মানুষকে ভোটের আগে ২৫ এপ্রিল রাতের মধ্যে শহর ছাড়ার নির্দেশনা দিয়েছেন।