ফেনীতে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
ফেনী সদরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে তার দুই সহপাঠী আহত হয়েছেন।
ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক জানান, বুধবার মধ্যরাতে লস্করহাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন এসএম মোরশেদুল ইসলাম মিশু (১৬)।
মিশু ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবু তৈয়বের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুজনও একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এসআই জিয়া আরও জানান, ফেনীতে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বুধবার মধ্যরাতে মোটরসাইকেলে ছাগলনাইয়ার বাড়ি ফিরছিলেন তিনজন।
পথে লস্করহাট এলাকায় ফেনী-লস্করহাট সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোরশেদুল ইসলাম মিশুকে মৃত ঘোষণা করেন।
