২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চানখাঁরপুলে খোকন, বাহাদুর শাহ পার্কে তার স্ত্রী

ভোটের বাকি আর চারদিন; ভোটারদের মন পেতে বাসাবাড়িতেও যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 02:28 PM

Updated : 12 Oct 2022, 03:36 PM

শেষদিকের এই প্রচারণায় বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটাতে দেখা যায় ঢাকা দক্ষিণে আওয়ামীলীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনকে। বসে নেই তার স্ত্রী ফারহানা সাঈদও; স্বামীর জন্য ভোট চাইতে সকালেই পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে চলে আসেন তিনি।

১০-১২ জন সমর্থককে সঙ্গে নিয়ে পার্কে আসা দর্শনার্থীদের কাছে স্বামীর নির্বাচনী প্রতীক ‘ইলিশ’-এ ভোট চান তিনি। খোকনের নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত প্রচারপত্রও ভোটারদের হাতে তুলে দিতে দেখা যায় তাকে।

তিনি বলেন, “প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার স্বামী সৎ লোক। আপনারা একবার সুযোগ দেন। তিনি তার বাবার মতো ঢাকাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করবেন।”

ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন নিজেকে ‘পুরান ঢাকার ছেলে’ বলে এই ঢাকার উন্নয়নে কাজ করার জন্য একবার সুযোগ চেয়ে ভোটপ্রার্থনা করছেন।

এই সিটি করপোরেশনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস নাশকতাসহ কয়েকটি মামলার আসামি। গত কয়েক মাস ধরে লোকচক্ষুর আড়ালে থাকা আব্বাসের জন্য ভোট চেয়ে প্রচার চালিয়ে আসছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

সকালেও ইস্কাটন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীর পক্ষে প্রচারে যান তিনি।

আফরোজার চেয়ে পরে মাঠে নামলেও গত কয়েক দিনে  স্বামীর পক্ষে ভোট চেয়ে ঢাকা দক্ষিণের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘোরেন খোকনের স্ত্রী ফারহানা।

এদিকে সকাল থেকে চাঁনখারপুল ও আশপাশের এলাকায় প্রচার চালাচ্ছেন সাঈদ খোকন।

ভোটারদের আকৃষ্ট করতে নিজের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও ‘ঢাকাবাসীর সঙ্গে সম্পর্কের’ কথা তুলে ধরছেন তিনি।

ঢাকার উন্নয়নে ‘নিজেকে উৎসর্গ করার’ প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের এই নেতা।