ব্রাহ্মণবাড়িয়ায় অটো চালকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুর থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
পরিবার বলছে, সোহরাব চৌধুরী (১৮) নামের ওই অটো রিকশা চালক দুদিন আগে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে টানপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায় বলে বিজয়নগর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান।
নিহত সোহরাব বিষ্ণপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “টানপাড়া এলাকার সিদ্দিক মিয়ার পুকুরে সোহরাবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।”
নিহতের চাচাতো ভাই সাচ্চু চৌধুরী বলেন, “গত ২১ এপ্রিল সোহরাব তার অটোসহ নিখোঁজ হয়। বিজয়নগর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।”
সোহরাবের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
