কালের কন্ঠ সম্পাদকের বিরুদ্ধে সমন
এক প্রতিবেদককে ‘বিধি বহির্ভূতভাবে’ অব্যাহতি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কালের কণ্ঠ সম্পাদক, প্রকাশকসহ ৬ জনকে হাজির হতে বলেছে ঠাকুরগাঁও আদালত।
যুগ্ম জেলা জজ-১ এর বিচারক তারিকুল ইসলাম বুধবার এই আদেশ দেন।
এই ছয়জন হলেন কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, বার্তা সম্পাদক চৌধুরী আফতাবুল ইসলাম, ন্যাশনাল ডেস্ক শিফট ইনচার্জ খায়রুল বাশার শামীম ও ভারপ্রাপ্ত মফস্বল সম্পাদক মো. রুবেল।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ. রহিম, এন্তাজুল হক, জাকির হোসেন, জয়নাল আবেদীন ও ইব্রাহিম আলী।
গত ৩০ মার্চ ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আলী আহসান হাবিবের দায়ের করা মামলায় আদালত এই সমন দেয়।
৬০ দিনের মধ্যে বিবাদীদেরকে আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন বাদী।
কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করে আসা হাবিবকে গত ২০ জানুয়ারি অব্যাহতি দেয় পত্রিকাটি, যা বিধিসম্মত হয়নি দাবি করে এই মামলা করেন হাবিব।
