২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে দুই কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাংচুর

রাজধানীর শাহবাগের সাকুরা গলিতে দুই কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাংচুর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তার ক্যাম্প ভাংচুরের জন্য আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে দায়ী করেছেন।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দায়ী করেছেন তার দলের ‘বিদ্রোহী’ প্রার্থীকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন খাজা হাবিবুল্লাহ  হাবিব।

এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ এম এম হামিদ খানকে সমর্থন দিলেও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুজ্জামান প্রার্থী হয়েছেন।

খাজা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৫টার দিকে শতাধিক যুবক এসে তার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে।

অ্যাডভোকেট হামিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসাদুজ্জামানের সমর্থকরা ক্যাম্প ভাংচুরের পাশাপাশি তার বাড়ির নিচতলার চেম্বারও ভাংচুর করে।

তার চেম্বার থেকে ১ লাখ ২০ হাজার লুট হয়েছে বলেও হামিদের অভিযোগ। তিনি মামলা করতে যাচ্ছেন বলেও জানান।

খাজা হাবিরের ক্যাম্প ভাংচুরে নিজের সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন হামিদ।

এদিকে হামিদের ক্যাম্প ভাংচুরে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার লোকজনকে নিয়ে আজ সারাদিনই নীলক্ষেতে প্রচার চালিয়েছি। ভাংচুরের বিষয়ে কিছুই জানি না।”

দুই প্রার্থীর ক্যাম্প ভাংচুরের অভিযোগ পুলিশ তদন্ত করছে বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল হক জানান।