কক্সবাজারে মালয়েশিয়াগামী ৬ যুবক উদ্ধার, আটক ১
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় কক্সবাজার থেকে ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককে আটকও করা হয়।
কক্সবাজার গোয়েন্দা পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেন জানান, বুধবার দুপুরে জেলা শহরের টেকপাড়ার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক আব্বাস উখিয়া উপজেলার সোনাপাড়া এলাকার ইউসুফ খলিফার ছেলে।
উদ্ধার ছয় যুবক ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগতি গ্রামের বাসিন্দা।
এরা হলেন মো. নজরুল শেখ (২৫), মো. ইব্রাহিম শেখ (২ ), শামীম হোসেন (২০), শফিকুল ইসলাম (২৮), আব্দুর রহমান বেপারী (২২) ও মো. ইবাদত শেখ (২৬)।
ডিবি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের কাছ থেকে বার্তা পেয়ে শহরের টেকপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। ওখান থেকেই পাচারকারী সন্দেহে আব্বাসকে আটক করা হয়।
উদ্ধার হওয়া আব্দুর রহমান বেপারীসহ অন্যরা সাংবাদিকদের জানান, ফরিদপুরের এক লোকের মাধ্যমে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোববার কক্সবাজার আসেন। তবে সাগর উত্তাল থাকায় ভয়ে সবাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
এরপর মঙ্গলবার বেলা ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তিন যুবক শহরের একটি বাড়িতে তাদের নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাদের সেখানে আটকে রাখে।
তবে এ সময় ইবাদত শেখ তার মোবাইলটি কৌশলে লুকিয়ে রেখে পরে সুযোগ খুঁজে ফরিদপুরে আত্মীয়-স্বজনকে বিষয়টি জানান।
আটক আব্বাস নিজেকে ওই বাড়ির তত্ত্বাবধায়ক দাবি করে বলেন, বাড়ির মালিক দেশের বাইরে থাকেন। এটি ভাড়া নিয়েছে টেকপাড়ার কায়সার নামে এক ব্যক্তি।
মঙ্গলবার সন্ধ্যায় কায়সার, তৌহিদ ও জিয়া নামের তিনজন মালয়েশিয়াগামী ওই ছয় যুবককে কায়সারের ভাড়া নেওয়া কক্ষে এনে আটকে রাখে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন।
