২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

নরসিংদীতে পুলিশ হেফাজতে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে, যিনি গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

নিহত সাইফুল ইসলাম শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আরিফ পাঠান হত্যা মামলার আসামি। তিনি উপজেলার কারাচর গ্রামের বাসিন্দা।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, মঙ্গলবার গভীর রাতে ঢাকার শান্তিবাগের একটি বাসা থেকে গ্রেপ্তারের সময় আহত হন সাইফুল। বুধবার সকালে তার মৃত্যু হয়।

“এ ঘটনায় গ্রেপ্তার টিটু পাঠান নামে একই মামলার আরেক আসামিকে পুলিশ হেফাজতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

গত ৩০ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্বৃত্তরা পুটিয়া ইউপি সদস্য আরিফকে গুলি চালিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই রোমান পাঠান বাদী হয়ে সাইফুল ইসলাম ও টিটু পাঠানসহ আটজনকে আসামি করে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার বলেন, মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ও টিটু এবং এজাহার বর্হিভূত আমিন রাজধানীর শান্তিবাগের একটি বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে নরসিংদী গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে চারতলা ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে সাইফুল ও টিটু আহত হয় এবং আমিন পালিয়ে যায়।

এ সময় পুলিশ আসামি সাইফুল ও টিটুকে গ্রেপ্তার করে রাতেই নরসিংদী নিয়ে আসে এবং ভোররাতে সাইফুলকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে শিবপুরের ভরতের কান্দি গ্রামে সন্ত্রাসী রক্সির বাড়িতে অভিযান চালায়।

সেখানে অস্ত্র না পেয়ে গোয়েন্দা কার্যালয়ে ফেরার পথে সাইফুল অসুস্থ হয়ে পড়েন। এ সময় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ সুপার আমেনা।

পুরনো খবর:

নরসিংদীতে ইউপি সদস্য খুন