২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জ ও আড়াইহাজারে দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তার আরোহী তিন শ্রমিক এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার ভোররাতের দিকে নবাবগঞ্জের সোনাহাজরা এলাকায় এবং বুধবার সকালে আড়াইহাজারের তিনগাঁও এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় চালককে আটক করা হয়েছে বলে নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান জানিয়েছেন।

আটক মো. আজিম (৩০) সাভারের চানপুর গ্রামের মো. আবিরের ছেলে।

নিহত তিন শ্রমিক হলেন- টাঙ্গাইলের শহীদুল (৩৫), জামালপুরের করিম (২৮) ও ফুলচান (৩০)।

পুলিশ কর্মকর্তা সায়েদুর বলেন, মঙ্গলবার রাতে পাথরবোঝাই ওই ট্রাক ঢাকার আমিন বাজার থেকে দোহারের নিকরা এলাকায় যাচ্ছিল। পথে নবাবগঞ্জের সোনাহাজরা এলাকায় চালক প্রধান সড়ক দিয়ে না গিয়ে ভুল পথে চলে গেলে রাস্তার মাটি ধসে ১০/১২ ফুট নিচের খাদে পড়ে যায়।

এতে ওই ট্রাকে থাকা তিন পাথর শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা চালক আজিমকে আটক করে এবং পরে পুলিশে দেয় বলে জানান নবাবগঞ্জের ওসি।

এদিকে আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, উপজেলার তিনগাঁও এলাকায় গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে বাসচাপায় আবদুল মতিন মিয়া (৩১) নামে এক শ্রমিক নিহত হন।

মতিন ওই এলাকার ‘ফকির ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি উপজেলার মনোহরদী এলাকার কাশেম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, সকালে মতিন সাইকেল চালিয়ে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনগাঁও এলাকায় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যান। পরে মতিনের সহকর্মীরা ফেলে যাওয়া ওই বাসে ভাংচুর করে। এরপর এক ঘণ্টা গোলাকান্দাইল-আড়াইহাজার সড়ক অবরোধ করে তারা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।