কালবৈশাখিতে জামালপুরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১
জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে ঘর চাপা পড়ে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতের এ ঝড়ে দুই উপজেলার নয় ইউনিয়ন ও এক পৌরসভায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন।
নিহত তরুণী নিঝুম (১৮) বকশিগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে।
বকশিগঞ্জের ইউএনও নারগিছ পারভীন জানান, ঝড়ের সময় ঘরচাপা পড়ে নিঝুমের মৃত্যু হয়।
“ঝড়ে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
এদিকে ঝড়ে দেওয়ানগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন আহত এবং গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেওয়ানগঞ্জের ইউএনও মো. সাইদুল ইসলাম জানান।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ঝড়ে দুই উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে দুই লাখ টাকা, ১৫ মেট্রিক টন চাল ও ১৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে।
