২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কালবৈশাখিতে শিশুর মৃত্যু, ব্যাপক ক্ষতি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কালবৈশাখি ঝড়ের মধ্যে দেয়ালচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 12:42 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

এছাড়া জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকাবাসী।

চিরিরবন্দরের ভিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মতিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার পর থেকে ঝড় শুরু হয়। এ সময় জয়পুর গ্রামে দেয়াল চাপা পড়ে আল সাইদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়।

এদিকে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন উপজেলায় বোরো ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে এবং উপড়ে গেছে ফলসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ।

মতিউর রহমান জানান, ঝড়ে কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, ফসলসহ মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। লিচু ও আমসহ বিভিন্ন মৌসুমী ফল ঝরে পড়েছে।

দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, পার্বতীপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ মিনিটের এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর ও বিরল উপজেলায়। তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

পিডিবি ডিভিশন-২ এর প্রকৌশলী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো জেলায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। তারগুলো মেরামত করা হচ্ছে।

সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন এই কর্মকর্তা।   

জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।