পাঁচবিবিতে ভ্যানচালক খুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গভীর রাতে এক ভ্যান চালককে হাত-পা বেঁধে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার বীরনগর গ্রামে একটি খালের পাশে বেলাল উদ্দিন (৩৭) নামে ওই ভ্যানচালকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, নিহত বেলাল উদ্দিন (৩৭) ওই গ্রামেরই বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই তার ভ্যানটি পাওয়া গেছে।
“মধ্যরাতে বেলালকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা”, বলেন ওসি মোস্তফা।
স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের দিন মঙ্গলবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন বেলাল। এরপর তিনি আর ফেরেননি।
ময়নাতদন্তের জন্য বেলালের লাশ মর্গে পাঠানো হয়েছে।
