২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তায় সম্মেলনে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

জাকার্তা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 09:19 AM

Updated : 12 Oct 2022, 03:35 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তায়

৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ ১০৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকেলে জাকার্তায় এসে পৌঁছান শেখ হাসিনা।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হোটেল ‘বোরোবুদুর জাকার্তা’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে বালাই সিদাং জাকার্তা সম্মেলন কেন্দ্রে নিয়ে আসা হয়।

সম্মেলন কেন্দ্রে পৌঁছানোর পর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর বিভিন্ন দেশের নেতাদের ছবি তোলার পর্ব শেষে অন্যদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সম্মেলনের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি।

দুপুরের পরে সম্মেলনের ফাঁকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেং লং,  জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং মিয়ানমারের রাষ্ট্রপতি থেই সেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।

রাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী নূরবায়া বাকের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজুমল কাউনাইন ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ভীরানতা আতমাদজাও এ সময় উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানানো হয় ফুল দিয়ে।

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে হোটেল ‘বোরোবুদুর জাকার্তা’য় যান। এই সফরে তিনি সেখানেই অবস্থান করবেন।

এশিয়ান-আফ্রিকান সম্মেলনের প্রথম সমাবেশ ১৯৫৫ সালে ইন্দোনেশিয়াতেই হয়েছিল ‘বান্দুং সম্মেলন’ নামে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের সময় ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্নর উদ্যোগে সেই সম্মেলনের প্রভাবে দুই বৃহৎ বিশ্ব জোটের বাইরে পরবর্তীতে সৃষ্টি হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)।

৬০ বছর পূর্তিতে ইন্দোনেশিয়াই এবারের সম্মেলনের আয়োজক দেশ হিসেবে রয়েছে।

১৯ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠেয় এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘ, আসিয়ান, এশীয় উন্নয়ন ব্যাংক, আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ ও সাউথ সেন্টারসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো এবং নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতেই ঢাকা পৌছানোর কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, সচিব মো. শহীদুল হকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ ৫১ জন জাকার্তায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।