২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের বিরুদ্ধে গণজমায়েতের ডাক

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে সচেতন নারী সমাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 12:09 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বৃহস্পতিবার বিকাল ৩টায় টিএসসিতেই এই জমায়েত হবে বলে আয়োজকরা জানান।

মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী শিরিন বানু মিতিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরীন, চলচ্চিত্রকার শামিম আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরমিন্দ নীলোর্মি ও সংস্কৃতিকর্মী কৃষ্ণকলি ইসলাম অনুষ্ঠানের অন্যতম আয়োজক।

এক যৌথ বিবৃতিতে আয়োজকরা বলেন, “টিএসসি এলাকায় যৌন নিপীড়নের কমপক্ষে ২০টি ঘটনার কথা প্রকাশ পেলেও তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও  পুলিশের নীরব ভূমিকা আমাদের হতবাক করেছে।

“টিএসসি এলাকায় বিবস্ত্র করার কোনো ঘটনা ঘটেনি, ধাক্কাধাক্কির কিছু ঘটনা ঘটেছে’ বলে পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্তব্য এসেছে, যা অনাকাঙ্ক্ষিত।”

বিবৃতিতে বলা হয়, একাধিক সিসি টিভি ক্যামেরায় যৌন নিপীড়নের স্পষ্ট প্রমাণ থাকার পরেও পুলিশ প্রশাসনের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নারী সমাজের জন্যে অবমাননাকর। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য যৌন সহিংসতাকে আরো উৎসাহিত করবে।