বনগ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় কী ব্যবস্থা: হাই কোর্ট
গাজীপুরের বনগ্রামে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সংশ্লিষ্টদের আগামী ৬ মে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত একাধিক প্রতিবেদন বিবেচনায় নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেয়।
সেই সঙ্গে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ‘সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন-সম্পত্তি রক্ষায়’ বনগ্রাম এলাকায় অবিলম্বে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বনগ্রামে ‘সংখ্যালঘুদের’ নিরাপত্তা দিতে না পারা কেন ব্যর্থতা হিসেবে গণ্য হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রসাশক, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
“ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সদর থানার ওসির মাধ্যমে প্রতিবেদন দিয়ে জানাতে বলা হয়েছে।”
‘গাজীপুরে হিন্দুদের বাড়িতে হামলা: মন্দিরের প্রতিমা ভাঙচুর লুটপাট, আহত ৭’ শিরোনামে মঙ্গলবার কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে বলা হয়, রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও মন্দিরে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।
বনগ্রাম শ্রীশ্রী সুধন্য কৃপাময়ী কালীমন্দির এবং আশেপাশের কয়েকটি বাড়িতে এ হামলার ঘটনায় অন্তত সাতজন আহত হন।
এলাকাবাসী, হিন্দু পরিবার ও পুলিশ সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বলা হয়, বনগ্রাম এলাকায় সন্ত্রাসী রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার রাতে ১০-১২টি মাইক্রোবাসে করে অর্ধশতাধিক সন্ত্রাসী মন্দিরের কাছে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের মধ্যে কয়েকজনের পরনে ‘পুলিশের মতো’ পোশাক ছিল।
তারা ভয়ভীতি দেখিয়ে সুরেন্দ্র চন্দ্র বর্মণের বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ভাঙচুর শেষে ওই বাড়ি থেকে টাকা ও মালামাল লুটপাট করা হয়।
একই সময়ে পাশের মন্দির এবং লাল মোহন বর্মণ, সুনীল চন্দ্র বর্মণ, সতীন্দ্র বর্মণ, নিরঞ্জন চন্দ্র বর্মণসহ ২০-২৫ জনের বাড়ি ও পাঁচটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
