রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মগবাজার রেলগেইট এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের একটি প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে রেলগেইট সংলগ্ন ওই দোকানে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানায়।
আহতরা হলেন- মো. সোহেল হোসেন (৩০), মো. মাসুম হোসেন চৌধুরী (২০), আহসান হাবিব (২০) ও সরওয়ার হোসেন বিপ্লব (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত চার জনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। সোহেলের ডানহাত ভেঙে গেছে।
ওই দোকানের কর্মী মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, সকাল সাড়ে ১০টার দিকে একটি পুরনো এসিতে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
