আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার আহবান
সিটি নির্বাচনে দলীয় পরিচয় বিবেচনা না করে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা খন্দকার মাহবুব হোসেন।
শনিবার চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের সমর্থনে চট্টগ্রামের পেশাজীবীদের মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
পুলিশের উদ্দেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, “আপনারা যদি মনে করেন একটি দলের তাহলে ভুল করবেন। আপনারা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কাজ করেন।
“দেশের ইতিহাস দেখুন, কোনো সরকার চিরস্থায়ী থাকে না। কিন্তু আপনারা থাকবেন। তাই পেশার প্রতি সম্মান রেখে কাজ করুন।”
২০ দলীয় জোটের পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করে আইনজীবী নেতা মাহবুব বলেন, “ভোট দিতে কেন্দ্রে গিয়ে মান ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে কি না, তা নিয়ে ভোটাররা আতঙ্কগ্রস্ত। তাই সেনাবাহিনী থাকলে জনগণ সাহস পায়।”
ভোট কেন্দ্রের সব বুথে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়ে তিনি বলেন, “এই সরকার নিজেদের ডিজিটাল সরকার দাবি করে করেন। তাই সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হোক। যাতে কেন্দ্রে ‘সোনার ছেলেরা’ বাক্সে ব্যালট ঢোকাতে না পারেন। বাইরে থেকে সবাই যেন দেখতে পায় কেন্দ্রের ভেতরে কী হচ্ছে।”
সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, “সরকার একদিকে নির্বাচন দিলেও অন্যদিকে প্রচারণা চালাতে দেয় না।
“একদিকে বলছে, এটি দলীয় নির্বাচন না। আবার চট্টগ্রাম থেকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী নিজেই প্রার্থী ঘোষণা করছেন।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, “আগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণা চালান হত। এবছর তা করা হচ্ছে না। নির্বাচনে কোনো উৎসবের পরিবেশ নেই।”
মেয়র প্রার্থী মনজুর আলম ভোট গণনার সময় জিমনেসিয়াম এলাকায় পাহারায় থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।
