২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের কার্যক্রম বন্ধ, চলছে মেলা আর হাউজি

হরতাল-অবরোধের ক্ষতি পোষাতে শিক্ষামন্ত্রী ছুটিতে ক্লাস-পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেও দিনাজপুরে একটি বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে চলছে পশু মেলা আর হাউজি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

বিরল উপজেলার ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত ৩ এপ্রিল এই মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

‘ধুকুরঝাড়ী পশু মেলা’ নামে এই মেলাটি চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। স্কুলের শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল ব্যবহৃত হচ্ছে হাউজি প্যান্ডেলে।

মেলার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়।

তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিবা শাখা বন্ধ থাকলেও প্রভাতি শাখা চালু রাখা হয়েছে। তবে মেলার কারণে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে।

প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মেলায় স্কুলের মাঠ ও শ্রেণিকক্ষ ব্যবহারের অনুমতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি অসহায়।”

এ বিষয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুল মেলার জন্য প্রশাসনের অনুমতি রয়েছে নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলার জন্য স্কুলের পাঠদান ব্যাহত হচ্ছে এমন অভিযোগ তার জানা নেই। মেলা তো রাতে হচ্ছে। তাতে স্কুলের পাঠদানের সমস্যা হওয়ার কথা নয়।

এছাড়া স্কুলের প্রধান শিক্ষক তাকে কিছু জানাননি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।