চুরি করা ইলেক্ট্রনিকস সামগ্রী ও মাদকসহ আটক ৫
সাভার ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ওয়ালটনের চুরি যাওয়া ইলেক্ট্রনিকস সামগ্রী ও মাদকসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
বুধবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আটকরা হলেন- মনির হোসেন (১৪), গিয়াস উদ্দিন ওরফে সুজন (৩০), মনিরুজ্জামান উজ্জ্বল (৩০), মোখলেছুর রহমান (৩০) ও হারুন অর রশিদ (২৮)।
তাদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা, লুণ্ঠিত ৩০টি ফ্রিজ, পাঁচটি এলইডি টিভি, দুটি ব্লেন্ডার ও একটি মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল ওয়ালটন হাইটেকের তৈরি বিভিন্ন পণ্য ট্রাকে করে ঝিনাইদহের শৈলকূপায় পাঠানোর সময় ট্রাকের মালিক, চালক ও তার সহকারী মালামাল নিয়ে উধাও হয়ে যান।
র্যাব-১ এর সদস্যরা মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মনির, গিয়াস ও উজ্জ্বলকে আটক করেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে লুটের মালামালসহ মোখলেছুর ও হারুন অর রশিদকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
