না’গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জ সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন একজন।
মঙ্গলবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী অজিত (৩০) নগরীর নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, বিকাল সোয়া ৩টার দিকে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অজিতের মৃত্যু হয়।
আশংকাজনক অবস্থায় আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া আরও জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেট্রোল থেকে বাসটিতে আগুন ধরে যায়।
পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
