কাশিমপুরে পান্তা-ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠান
পান্তা-ইলিশসহ নানা পদের ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ করেছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দিরা।
মঙ্গলবার এ কারাগারের কয়েকহাজার বন্দি নববর্ষের আনন্দে মেতে ওঠেন।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার ফরিদুর রহমান জানান, তার কারাগারে প্রায় সাড়ে ৬শ বন্দি রয়েছেন।
সকালে বন্দিদের পান্তা-ইলিশ, আলু ভর্তা, কাঁচা মরিচ-পিঁয়াজ, দুপুরে খিচুড়ি-মাংস দেওয়া হয়েছে।
রাতের আয়োজনে রয়েছে সাদা ভাত, ইলিশের মাথা দিয়ে আলুর দম, ডিম ভুনা, মিস্টি ও পান-সুপারি।
এছাড়া কারা অঙ্গনে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে বন্দিরা নববর্ষের গান, পল্লীগীতি ও ভাওয়াইয়া পরিবেশন করেন বলে জানান ফরিদুর রহমান।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ জানান, তাদের কারাগারে প্রায় তিন হাজার বন্দি রয়েছেন।
সকালে বন্দিদের অংশগ্রহণে কারাগারের ভেতরে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া খাদ্য তালিকায় নববর্ষের বিশেষ আয়োজন ছিল বলে জানান তিনি।
হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, এ কারাগারে দুই হাজারের উপরে বন্দি রয়েছে।
এ কারাগারেও নানা রকম খাবার ও বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান তিনি।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, তার কারাগারে বন্দির সংখ্যা এক হাজার ১৪০ জন। তাদের জন্য সকালে পান্তা-ইলিশ, দুপুরে খিচুড়ি-ডিম, রাতে পোলাও-মাংস, পান-সুপারির আয়োজন করা হয়েছে।
এছাড়া বিকালে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তিনি জানান।
